সিরিজে ফেরার লড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলংকা
হাম্বানটোলা মাঠকে অপয়া ভাবতে পারে শ্রীলংকা। সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ায় স্বাগতিকদের মনোবোল ভেঙ্গে গেছে। অস্ট্রেলিয়ার কাছে দুটি ওয়ানডে ম্যাচেই নাকাল লংকানরা, আজকের ম্যাচটিও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিকে আর বাঁচাতে পারবে না তিলকরাত্নে দিলশানের দল। পাল্লাকেলের প্রথম ওয়ানডের পর হাম্বানটোলায় দ্বিতীয় ম্যাচেও অজিদের আধিপত্য, যে ব্যাটিং নিয়ে দিলশানদের এত গর্ব, গত দুই ম্যাচে ব্যাটসম্যানদের কোন পারফর্মেন্সেই তা লক্ষ্য করা যায়নি।
সিরিজের শুরু থেকে শ্রীলংকা ভালো সূচনা পায়নি। প্রথম ম্যাচে অতিরিক্ত আগ্রাসী মনোভাব ছিল তাদের, আর দ্বিতীয় ম্যাচে ছিল সতর্ক, তবে তৃতীয় ওয়ানডে ম্যাচ তাদের জন্য সৌভাগ্যের কিছু বয়ে আনতে পারে। কুমার সাঙ্গাকারা গত ম্যাচে দারুণ একটি ফিফটি পেলেও অন্য তিন সদস্যের কাছ থেকে কোন সহায়তা পাননি তিনি। দিলশান, থারাঙ্গা ও চার নম্বরে নামা মাহেলা জয়বর্ধনে ভালো স্কোর করলে লাসিত মালিঙ্গা, অজেন্তা মেন্ডিসদের অজি ব্যাটসম্যানদের গতি আটকানোর কাজটি সহজ হবে। অন্যদিকে সফরকারী অস্ট্রেলিয়ার বোলার ডগ বলিংগার, মিশেল জনসন, ব্রেট লি এবং স্পিনাররা ভালো বোলিং করছেন। শেন ওয়াটসন, পন্টিং, অধিনায়ক ক্লার্ক রানও করছেন প্রচুর। এরাই স্বাগতিক লংকানকে কোনঠাসা করে রেখেছে। অধিনায়ক ক্লার্ক তো বলেই ফেললেন, ‘এখনো আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। দুটি ম্যাচ আমরা জিতেছি চমত্কার ব্যাটিং ও বোলিংয়ের কারণে’।
দিলশান অবশ্য আশাবাদী আজকের ম্যাচ দিয়ে সিরিজে ফিরবে তারা। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আরো পরিশ্রম করতে হবে এবং ভালোভাবে ফিরে আসতে হবে’। হাম্বানটোলার পিচটি স্লো এবং লো হবে। তেমন একটা ঘাস হবে না উইকেটে। সফরকারী দলের অধিনায়ক ক্লার্ক তো ব্যাটিং উইকেটের সার্টিফিকেট দিয়েছেন। আজকের ম্যাচ দিয়ে জয়বর্ধনে হবেন বিশ্বের সাত নম্বর ব্যাটসম্যান, যিনি ৩৫০টি ওয়ানডে ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন। অন্যদিকে মাইকেল ক্লার্কের অধীনে অস্ট্রেলিয়া ২৯টি ওয়ানডে ম্যাচে ২৩টি জিতে নতুন রেকর্ড গড়েছে। এই সিরিজে যেমন শ্রীলংকার পড়েছে ২০ উইকেট আর অজিদের ৫ উইকেট।
শ্রীলংকা দল (সম্ভাব্য): তিলকরাত্নে দিলশান (অধিনায়ক), উপল থারাঙ্গা, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, দিনেশ চন্দিমল/চামারা সিলভা, এঞ্জেলা ম্যাথুয়েস, জিবন মেন্ডিস, সুরুজ রন্ডিব, নুয়ান কুলাসেকারা, অজেন্তা মেন্ডিস ও লাসিত মালিঙ্গা।
অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য): মাইকেল ক্লার্ক (অধিনায়ক), রিকি পন্টিং, শেন ওয়াটসন, ব্রাড হাড্ডিন, ডেভিড হাসি, স্টিভেন স্মিথ, মিশেল জনসন, ব্রেট লি, জাবিয়ার দোহার্টি, মাইকেল হাসি এবং ডগ বলিংগার।